বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে মধ্যরাতেও চলছে ভূমি সেবা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ মধ্যরাতেও চলছে ভূমি সেবা। এই সেবা পেয়ে খুশি উপজেলা বাসী। ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসা কুড়াচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ। তিনি গত মাসে ২৬ তারিখে কর্মস্থলে যোগ দেন করেন।
সরকারী বিধিতে কার্যদিবস ভূমি সেবার জন্য সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত নামজারি ও অন্যান্য ভূমি সেবা কার্যক্রম করা হয়। কিন্তু নামজারির কাজ দ্রুত নিষ্পত্তি করার জন্য অতিরিক্ত সময় দিয়ে, গভীর রাত পর্যন্ত কাজ করছেন। ফলে জমির মালিকানা সংক্রান্ত দীর্ঘসূত্রিতা এবং দালালচক্রের দৌরাত্ম্য অনেকটাই কমে এসেছে। ভূমি অফিসে সরাসরি গিয়ে বা অনলাইনের মাধ্যমে আবেদনকারীরা এখন দ্রুততম সময়ে নামজারি ও অন্যান্য সেবা পাচ্ছেন।
সেবা নিতে আসা জহুরুল ইসলাম বলেন, আমি প্রায় পাঁচ বিঘা জমির খারিজের আবেদন করছি। স্যার না থাকায় দীর্ঘদিন ধরে ঘুরতে ছিলাম। অফিসে আসি আর ঘুরে যাই । এখন নতুন স্যার আসছে তাই কাজ হচ্ছে। আমি আগে কখনো দেখিনি যে রাতে সেবা পাওয়া যায় সরকারি অফিসে, এই প্রথম সেবা পেয়ে খুব ভালো লাগছে। নিজ দায়িত্বে স্যার আমার কাজ সম্পূর্ণ করে দিয়েছে । আমরা সাধারণ মানুষ এটাই চাই, এমনই স্যার সব অফিসে হোক। আমরা খুবই খুশি ।
স্থানীয় বাসিন্দা হাবিবুল্লা বলেন, আমি সত্যিই অবাক । রাত ১১টা বাজে এখনো অফিসে স্যার নিজে ফাইল দেখছেন। যার কাজ তার সঙ্গে কথা বলছেন। এখন আর অন্য কারো প্রয়োজন নাই, নিজের কাজ নিজেই করতে পারছি।
রাতে কাজ করার বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ বলেন, আমি গত ২৬ আগস্ট এই কর্মস্থলে কাজ শুরু করি। কর্মস্থলে বসার পর দেখি প্রায় ৭০০ নামজারি ও ভূমি-সংক্রান্ত আবেদন রয়েছে, আবার প্রতিদিন আবেদন আসছে। ভূমিসেবা জনগণের অধিকার। এটা আমার দায়িত্বের অংশ হিসেবে দেখি। তাই রাতে অতিরিক্ত সময় দিয়ে কাজ করছি। যাতে কেউ হয়রানির শিকার না হয়।
ইতোমধ্যে পূর্বের পেন্ডিং থাকা প্রায় ৪৫০ টি আবেদন নিষ্পত্তি হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This