শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে সফল কৃষি উদ্যোক্তা স্বাধীন

নবাবগঞ্জ প্রতিনিধি
মাত্র ষোল শতক জমিতে উপজেলা কৃষি অফিসের দেয়া পরীক্ষামূলক মাল্টা ফলের প্রদশর্নী চাষ দিয়ে শুরু এখন সফল উদ্যোক্তা বনে গেছেন নবাবগঞ্জ উপজেলার মাহামুদুন্নবী স্বাধীন। কৃষি বাগান গড়ে স্বাবলম্বী স্বাধীনকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। উপজেলার প্রত্যন্ত অঞ্চল রঘুনাথপুর গ্রামের কৃষক সাজু মিয়ার ছেলে মাহামুদুন্নবী স্বাধীন। শুরুটা মাল্টা চাষ দিয়ে শুরু হলেও এখন তার বাগানে রয়েছে মাল্টা, চায়না কমলা, কাজু বাদাম সহ বিভিন্ন প্রজাতির ফল। পাশাপাশি মাল্টা বাগানে সাথি ফসল হিসেবে চাষ করছেন মসলা জাতীয় ফসল আদা। সফল উদ্যোক্তা স্বাধীন এখন হাজারো বেকার যুবকের কাছে আইডল।

মাহামুদুন্নবী স্বাধীন বলেন, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী থাকা অবস্থায় ২০১৮ সালে মাত্র ষোল শতক জমিতে উপজেলা কৃষি অফিসের দেয়া পরীক্ষামূলক মাল্টা ফলের প্রদর্শনী চাষ দিয়ে শুরু করেন কৃষি খামার। ভালো ফলন ও ভালো দাম পাওয়ায় তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। নিজের জমি না থাকায় অন্যের জমি লিজ নিয়ে বর্তমানে ১০ বিঘা জমিতে গড়ে তুলেছেন তার কৃষি খামার। চায়না কমলা, কাজু বাদামের চাষসহ মাল্টা বাগানে সাথী ফসল হিসেবে চাষ করছেন মসলা জাতীয় ফসল আদা। নিরাপদ ফল উৎপাদনের লক্ষ্যে তিনি নিজেই বাড়িতে ভার্মি কম্পোস্ট সার তৈরি করছেন। রাসায়নিক সারের পরিবর্তে তিনি তার কৃষি খামারে ব্যবহার করছেন নিজের তৈরি ভার্মি কম্পোস্ট সার। ফলে তার বাগানে উৎপাদিত হচ্ছে নিরাপদ ফল। তিনি চলতি বছরে ১৫ লাখ টাকার মাল্টা ও প্রায় ৩ লাখ টাকার আদা বিক্রির আশা করছেন। সব খরচ বাদ দিয়ে তিনি এবারে ৬ থেকে ৭ লাখ টাকা আয় করার আশা করছেন। গড়ে তার বাগানে সারা বছর ৬/৭ জন শ্রমিকের কর্ম সংস্থান হয়েছে। প্রতিনিয়ত বেকার যুবকেরা আসছেন তার বাগানে উদ্যোক্তা হতে, নিচ্ছেন পরামর্শ। সরকারিভাবে আর্থিক সহায়তা পেলে ভবিষ্যতে তার খামারটির পরিধি বৃদ্ধি ও নতুন নতুন প্রজাতির ফলের বাগান তৈরির পরিকল্পনা রয়েছে।

বেকার যুবক রঞ্জিত রায় বলেন- স্বাধীন একজন সফল কৃষি উদ্যোক্তা। তার সফলতা এখন বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে নিজের জমিতে বস্তায় আদা চাষ করার জন্য তিনি স্বাধীনের কাছে পরামর্শ নিতে এসেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায় বলেন, স্বাধীন একজন সফল কৃষি উদ্যোক্তা। তাকে উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নিয়মিত দেয়া হচ্ছে পরামর্শ ও সহযোগিতা। স্বাধীনের মত বেকার যুবকেরা কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে এলে যেমন বেকারত্ব কমবে তেমনি কৃষি সেক্টর হবে আরও সমৃদ্ধ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This