নবাবগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ কবির (৪২) নামের এক ব্যক্তির নিহত হয়েছে।
আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার গোলাপগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়- নিহত ফিরোজ কবির কীটনাশক নেওয়ার জন্য বাড়ি থেকে গোলাপগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। গোলাপগঞ্জ বাজারে যাওয়ার পথে নবাবগঞ্জ-বিরামপুর সড়কে দ্রুতগামী একটি সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।মোটরসাইকেল আরোহী ফিরোজ কবির গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফিরোজ কবির নবাবগঞ্জ উপজেলার ফতেপুর মাড়াষ গ্রামের নওশাদ আলীর ছেলে। তিনি স্থানীয় বাজারে ফিরোজ টেলিকম নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে জানান, নিহতের মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।
