শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

না ফেরার দেশে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন অসুস্থতার পর শেষ নিশ^াস ত্যাগ করেছেন উত্তর জনপদের বর্ষীয়ান রাজনীতিবিদ ও রাজনৈতিক কিংবদন্তী দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও দিনাজপুর-৫ আসনের (ফুলবাড়ী-পার্বতীপুর) এর সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার। গতকাল রোববার রাত ৮টায় ঢাকা ল্যাব এইড ক্যান্সার হাসপাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগনে এ্যাড. মহিউদ্দিন কাদের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দেশে এবং দেশের বাইরে তার চিকিৎসা চলছিল। শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত কয়েকদিন আগে তাকে ঢাকা ল্যাব এইড হাসপাপাতালে ভর্তি করা হয়। রোববার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার দীর্ঘ প্রায় ৪০ বছর জেলা আওয়ামী লীগের রাজনৈতিক দায়িত্ব পালন করে আসছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) অসনে লাগাতার ৮ বার এমপি নির্বাচিত হয়েছেন। একাধারে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানাগেছে, মোস্তাফিজুর রহমান ফিজার দিনাজপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০২৪ সালে ৮ম বার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি একজন মুক্তিযোদ্ধা (এফ.এফ) হিসেবে তালিকাভুক্ত হয়ে সেক্টর-৭ এর অধীনে যুদ্ধ করেন। ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান। মোস্তাফিজুর রহমানের জন্ম ১৯৫৩ সালের ২৯ নভেম্বর দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের জামগ্রাম নামক গ্রামে। তার বাবার নাম মোবারক হোসেন এবং মায়ের নাম শাহেদা খাতুন। তার স্ত্রীর নাম রাজিনা রহমান, তার বড় মেয়ে ফারহানা রহমান মুক্তা ও ছোট মেয়ে ফারজানা রহমান শিমলা।
তিনি ১৯৬৮ সালে সুজাপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭০ সালে ফুলবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ১৯৭৩ সালে তিনি ফুলবাড়ী সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালে মোস্তাফিজুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের দিনাজপুর জেলা কমিটির সদস্য হন এবং ফুলবাড়ী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮০ সালে তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৯২ সাল পর্যন্ত উক্ত পদে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে মোস্তাফিজুর রহমান দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সালে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০০৪ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে প্রথমবারের মত দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) থেকে জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে লাগাতার ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৯ সালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ৩১ জুলাই ২০০৯ থেকে ২১ নভেম্বর ২০১৩ পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ১২ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে ৭ জানুয়ারী ২০১৯ পর্যন্ত এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি ১৫ বছর যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এবং ১০ বছর পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য ছিলেন। ২০০০ সালে তিনি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটিরি সভাপতি ছিলেন, সর্বশেষে ২০২৪ সালে তিনি আইন ও বিচার বিভাগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। গত ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।
এদিকে সাবেক মন্ত্রী ও এমপি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দিনাজপুর জেলার ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্সসহ সকল সদস্য।
সাবেক মন্ত্রী ও এমপি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক দেশ মা পত্রিকার প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি রাজু কুমার গুপ্ত, ভারপ্রাপ্ত সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম সরকার, ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত এবং দেশ মা পরিবার।
অপরদিকে রোবরার রাত ১০টায় ঢাকায় প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় পার্বতীপুর আদর্শ কলেজ মাঠে দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে ১১ টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে তৃতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। একইসাথে দুপুর সাড়ে ১২টায় তার নিজ গ্রাম ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জামগ্রামের রুদ্ররানী ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This