শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ের ৫ শহীদ পরিবারকে জেলা প্রশাসনের বিশেষ সহায়তা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের ৫ শহীদ পরিবারকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে তাদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার শহীদদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং সমস্যার কথা শুনেন জেলা প্রশাসক সাবেত আলী।
সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কীত্তিনীয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে সাগর রহমান (শহীদ ৫ আগস্ট), বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের নতুন বস্তি গ্রামের আব্দুল খালেকের ছেলে আবু ছায়েদ (শহীদ ১৯ জুলাই), সাকোয়া ইউনিয়নের আমিন নগর গ্রামের হামিদ আলীর ছেলে সুমন ইসলাম (শহীদ ৫ আগস্ট), দেবীগঞ্জ উপজেলার মেলাপাড়া গ্রামের আজহারের ছেলে শাহাবুল ইসলাম (শহীদ ৪ আগস্ট পুলিশের গুলিতে) এবং ভাউলাগঞ্জ ইউনিয়নের টোকরাভাসা গ্রামের আজহার আলীর ছেলে সাজু ইসলাম (শহীদ ১২ আগস্ট চিকিৎসাধীন অবস্থায়)।


জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ এবং উপহার হিসেবে ফলমূল তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, দেবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার, বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নাজির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি এবং মখলেছুর রহমান সান।
শহীদ পরিবারের সদস্যদের সমস্যার কথা শুনে জেলা প্রশাসক যোগ্যতা ভিত্তিক চাকুরির ব্যবস্থা, চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া শহীদদের কবর জিয়ারত এবং রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

জুলাই-আগস্ট গণহত্যার শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়ে জেলা প্রশাসন তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানিয়েছে। নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা প্রদান এবং ভবিষ্যতে চাকরি ও চিকিৎসার আশ্বাস দিয়ে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This