শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে আওয়ামী নেতার অবৈধ পাথর উত্তোলনে হুমকিতে ডাহুক নদ

পঞ্চগড় প্রতিনিধি
তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদে অবৈধভাবে পাথর উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শেখ কামাল সহ অন্য নেতাদের বিরুদ্ধে সরকারি খাস জমি ও ব্যক্তিগত মালিকানার জমি জোর করে দখল করে পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। ফলে ডাহুক নদ বিলুপ্তির আশঙ্কায় পড়েছে।  
ভারতে উৎপত্তি হয়ে বাংলাদেশে ১৪ কিলোমিটার প্রবাহিত ডাহুক নদ আবার ভারতে প্রবেশ করে করোতোয়া নদীর সাথে মিলিত হয়েছে। এই নদের নিচে রয়েছে হাজার কোটি টাকার পাথর, যা দীর্ঘকাল ধরে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ডাহুক নদীর উত্তরাংশে হারাদিঘি ও বালাবাড়ি এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শেখ কামাল সহ অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা  সরকারি জমি এবং স্থানীয়দের জমি দখল করে পাথর উত্তোলন করছেন।
এদিকে ডাহুক নদীর তীরবর্তী জমি লিজ নেয়া কৃষকদের পক্ষে জমিতে কৃষি কাজ করাও অসম্ভব হয়ে পড়েছে। বিএনপির কিছু নেতার সহায়তায় আওয়ামী লীগের নেতারা পুনরায় তাদের অবৈধ কার্যক্রম শুরু করেছে বলে দাবি স্থানীয়দের। তারা এই ঘটনা তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেছেন।  অন্যদিকে কাজী এন্ড কাজী টি এস্টেটের জমিও দখল করে পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। তবে আওয়ামী লীগ নেতা শেখ কামাল সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি নিজের জমিতেই পাথর উত্তোলন করছেন এবং ডাহুক নদে কোনো পাথর উত্তোলন করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি জানান, ডাহুক নদে পাথর উত্তোলন বন্ধে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, তবে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়েছেন।
ডাহুক নদে অবৈধ পাথর উত্তোলন ও জমি দখলের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সকলের।
×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This