বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে জুলাই আন্দোলনে শহীদ সাগরের বাবা ভোট চাইলেন ধানের শীষে

পঞ্চগড় প্রতিনিধি
২০২৪ সালের জুলাই মাসের গণআন্দোলনে প্রাণ হারানো পঞ্চগড়ের শহীদ সাগরের বাবা রবিউল ইসলাম বলেছেন, গণতন্ত্র, ভোটাধিকার আর মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
গতকাল রাতে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের রত্নিবাড়ী বাজারে ধানের শীষের পক্ষে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পথসভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যে রবিউল ইসলাম বলেন, “আমার ছেলে সাগর কোনো দল বা ব্যক্তির জন্য জীবন দেয়নি। সে জীবন দিয়েছে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আজ সেই অধিকার আবার হুমকির মুখে।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মানুষের ভোটাধিকার কার্যত বন্ধ হয়ে আছে। নির্বাচন মানে এখন আতঙ্ক আর অনিশ্চয়তা। এই পরিস্থিতি বদলাতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি না করতে চাইলে ধানের শীষে ভোট দেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
পথসভায় প্রধান বক্তা ব্যারিস্টার নওশাদ জমির বলেন, জুলাই আন্দোলনের শহীদরা গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব আমাদের ওপর দিয়ে গেছেন। এই ঋণ শোধ করতে হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, পঞ্চগড়ের মানুষ ধানের শীষে ভোট দিলে শহীদদের রক্তের মর্যাদা রক্ষা পাবে এবং দেশ আবার গণতন্ত্রের পথে ফিরবে।
তিনি আরও বলেন, শহীদ সাগরের মতো তরুণদের আত্মত্যাগ তাদের আন্দোলনকে শক্তি জোগায়। ফ্যাসিবাদী শাসন আর সহ্য করবে না দেশবাসী। জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশের ভবিষ্যৎ ঠিক করবে, বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনের শহীদরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথ দেখিয়েছেন। শহীদ সাগরের আত্মত্যাগ পঞ্চগড়বাসী কখনো ভুলবে না বলেও তারা জানান। আন্দোলনের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
পথসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, ছাত্রসমাজ, সাধারণ মানুষ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This