বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে নবম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মসূচি চলার অংশ হিসেবে আজ মঙ্গলবার পঞ্চগড় জেলা চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি এই কর্মসূচির আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সমিতির জেলা শাখার সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান। বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন দাবি জানানো হলেও নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হয়নি। অবিলম্বে নবম পে-স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবি জানান তাঁরা। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
এ সময় বিভিন্ন ইউনিটের চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সংহতি জানান।
নবম পে-স্কেলের দাবিতে পঞ্চগড়ের সরকারি কর্মচারীরা ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরলেন। দাবি পূরণ না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

Share This