
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় ও ১১টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে জেলার সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডস্থ সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্মাণ সামগ্রী পরিবহণে ব্যবহৃত গাড়ি অনাবৃত অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ১জন ট্রলি ড্রাইভারকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ স্থাপন করার অপরাধে ৬ ট্রাকের ড্রাইভারকে মোট সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ১১ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর এর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।