বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে শিয়ালের কামড়ে আহত ১১, আতঙ্কে এলাকাবাসী

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে রাতে একের পর এক শিয়ালের হামলায় নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে পঞ্চগড় পৌরসভা ও সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এতে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
আহতরা হলেন- মাইমুনা (১৩), হিমু (৫), জহানা (৫), আকলিমা (৪০), সোহেল (২০), নয়ন হোসেন (২৪), রফিজ উদ্দিন (৬০), শিল্পি (৪০), ওয়াসিমুল্লাহ (২৯), জাফর (২১) ও মনিরা আক্তার (২৫)। তারা সবাই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
স্থানীয়দের ভাষ্য, রাত সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে বিভিন্ন স্থানে এই আক্রমণ ঘটে। কেউ বাজার থেকে ফিরছিলেন, কেউ বাড়ির সামনে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ শিয়াল এসে হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে কামড়ে পালিয়ে যায়। একাধিক স্থানে একসঙ্গে হামলার কারণে ধারণা করা হচ্ছে, একাধিক শিয়াল এলাকায় ঘুরে বেড়াচ্ছে।
আহত রফিজ উদ্দিনের স্ত্রী বলেন, “রাত ৯টার পর আমার স্বামী বানিয়াপট্টি এলাকায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি শিয়াল এসে তাঁর বুকে ঝাঁপ দেয়, নখ ও দাঁত দিয়ে আঘাত করে। পরে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান আর শিয়ালটি পালিয়ে যায়।”
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. আবদুল কাদের জানান, “রাত ৮টা ১০ মিনিট থেকে সাড়ে ১১টার মধ্যে ১১ জন শিয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসেন। সবাইকে ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন ঘটনা আগে কখনো ঘটেনি। রাতে এখন অনেকেই বাইরে বের হতে ভয় পাচ্ছেন। তাঁরা দ্রুত প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে শিয়াল ধরার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This