বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর জেলা প্রতিনিধি সরকার হায়দার। প্রেসক্লাব সভাপতি এবং কালবেলা ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি মোশাররফ হোসেনের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন ঘোষণা করা হয়।
এখন টিভি ও কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি লুৎফর রহমান সঞ্চালনায় বিভিন্ন সেশনে মতামত দেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয়টিভি–রুপালী বাংলাদেশের প্রতিনিধি ইনসান সাগরেদ, সহ সভাপতি ও নাগরিক টিভির প্রতিনিধি সাইদুজ্জামান রেজা, স্থায়ী পরিষদের সদস্য ও চ্যানেল২৪–আমারদেশের প্রতিনিধি এ হোসেন রায়হান।
সাংগঠনিক দক্ষতা বিষয়ে বক্তব্য দেন স্থায়ী পরিষদের সদস্য ও সাবেক সভাপতি, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার এ রহমান মুকুল। ভাষা, সৌন্দর্য ও উপস্থাপনার কৌশল নিয়ে আলোচনা করেন স্থায়ী পরিষদের সদস্য ও যুগান্তর প্রতিনিধি এসএ মাহমুদ সেলিম। সংবাদ লেখার বুনিয়াদি কাঠামো ও কৌশল নিয়ে কথা বলেন প্রচলিত কমিটির সহ সভাপতি এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি ও সমকালের জেলা প্রতিনিধি সফিকুল আলম সফিক।
কৃষি ও প্রকৃতি সাংবাদিকতা নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি এবং আজকালের খবর ও করতোয়ার জেলা প্রতিনিধি সামসউদ্দীন চৌধুরী কালাম। সাংবাদিকদের আচরণগত দিক নিয়ে আলোচনা করেন প্রথম আলোর জেলা প্রতিনিধি রাজিউর রহমান রাজু। টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন লুৎফর রহমান।
দিনব্যাপী কর্মশালায় প্রেসক্লাবের প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালা শেষে গ্রুপ আলোচনায় প্রেসক্লাবের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This