
পঞ্চগড় প্রতিনিধি
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী।
আজ রবিবার দুপুরে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সদর উপজেলা আমির মাওলানা শফিউল ইসলাম প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আমির ইকবাল হোসাইন বলেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, তার ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আমরা প্রধান উপদেষ্টা বরাবরে উপস্থাপন করেছি।”
তিনি আরও বলেন, “আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজন; নির্বাচনে উভয় প্রক্রিয়া ও পদ্ধতি চালু; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল দলের সমান সুযোগ নিশ্চিতকরণ; ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার; স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।”
তিনি জানান, জামায়াতে ইসলামী, জাগপা, খেলাফত মজলিসসহ সমমনা দলগুলো যৌথভাবে এই স্মারকলিপি দিয়েছে। সরকারের প্রতি তিনি আহ্বান জানান, অবিলম্বে এসব দাবির বাস্তবায়ন করা হোক।