সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে ইউএনও’র অভিযান

হাকিমপুর প্রতিনিধি
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই মুদি দোকানিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে হিলি বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।
অভিযানকালে বাজারের বিভিন্ন মুদি দোকান পরিদর্শন করে পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে টানানো হয়েছে কিনা তা যাচাই করা হয়। এ সময় দুইটি দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রত্যেককে জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
ইউএনও অশোক বিক্রম চাকমা বলেন, পবিত্র রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। সকল ব্যবসায়ীকে পণ্যের সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, রমজানজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সাধারণ ক্রেতারা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বাজারে এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
তারা বলেন, নিয়মিত তদারকি থাকলে ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্য আদায় করতে পারবেন না এবং বাজারে স্বস্তি ফিরবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS