পাঁচবিবিতে বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর দাফন সম্পন্ন করা হয়েছে। ইয়াছিন আলী উপজেলার শ্রীমন্তপুর মৃত গমতুল্লাহ মন্ডলের ছেলে।
আজ সোমবার দুপুর ২ টায় তার নিজ গ্রাম উপজেলার শ্রীমন্তপুরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত হোসেন রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জাতীয় পতাকায় আবৃত মরহুমের প্রতি পুষ্পমাল্য অর্পণ করা হয়। পাঁচবিবি থানা পুলিশের একটি চৌকস দল অস্ত্র উঁচিয়ে তাকে সম্মান জানায়। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ধরঞ্জী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী বার্ধক্য জনিত কারণে রোববার রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মরহুম ইয়াছিন আলী স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৭নং সেক্টরের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।
