পার্বতীপুরে অবৈধ দুই ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন


নিজেস্ব প্রতিবেদক
দিনাজপুরের পার্বতীপুরে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে দুইটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এসময় অবৈধভাবে পরিচালিত মেসার্স ভাই ভাই ব্রিকস নামক একটি ইট ভাটায় ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের ঢেরারহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা। এছাড়াও উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজ, পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্স অফিসার রুনায়েত আমিন রেজা।

জানাগেছে, অভিযানে পার্বতীপুর উপজেলার ঢেরারহাট এলাকায় অবৈধভাবে পরিচালিত মেসার্স ভাই ভাই ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
একই সাথে দক্ষিণ পলাশবাড়ী এলাকার মেসার্স এআরবি ব্রিকস ও ঢেরেরহাট এলাকার মেসার্স সততা ব্রিকস এর ইটভাটার চিমনী সম্পূর্ণভাবে ভেঙ্গে দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন, সেনা সদস্য, র্যাব ১৩ ব্যাটালিয়ন, পার্বতীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ।
