শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে ইউএনও’র অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

 

পার্বতীপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৩ টায় কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে, বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশত মানুষ ব্যানার ফেষ্টুন হাতে ইউএনও’র অপসারণ দাবি করেন। এসময় বক্তব্য রাখেন, নাগরিক কিমিটির পার্বতীপুরের প্রতিনিধি তারিকুল ইসলাম, সোহেল সাজ্জাদ, রোকুনুজ্জামান রকিসহ সংশ্লিষ্টরা।
তারা বলেন, আওয়ামী লীগের দোসর ইউএনও ফাতেমা খাতুন দীর্ঘদিন যাবৎ পার্বতীপুর উপজেলায় একক স্বেচ্ছাচারিতায় রাজত্ব কায়েম করেছে। নানা অনিয়মের অভিযোগে পরপর দুই বার বদলী আদেশ হলেও অজ্ঞাত কারনে তা স্থগিত হয়। অনতিবিলম্বে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তারা।
পরে উত্তেজিত আন্দোলনকারীরা বিকেল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে প্রবেশ করলে পরিস্থিতি বেগতিক দেখে প্রশাসনের সহযোগীতায় অফিস ত্যাগ করেন অভিযুক্ত ইউএনও ফাতেমা খাতুন।
এ ব্যাপারে ইউএনও ফাতেমা খাতুনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনকল রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This