বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে দুই দিনের অভিযানে ১১ লাখ টাকা জরিমানাসহ ৪টি ইটভাটা ধ্বংস

নিজেস্ব প্রতিবেদক
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবৈধভাবে ইটভাটা কার্যক্রম পরিচালনা করায় দুই দিনে ৭টি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি ইটভাটার মালিককে ১১ লাখ টাকা জরিমানা ও চারটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ও আজ বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের (সদর দপ্তর) মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।
অভিযানে উপস্থিত ছিলেন, দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক বদরুন্নাহার সীমা, পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মাহমুদ হুসাইন এবং পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার‌্যালয়ের রিসার্স অফিসার রুনায়েত আমিন রেজা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনা সদস্য, থানা পুলিশ, ফায়ার সার্ভিসকর্মি ও পল্লী বিদ্যুৎ সমিতি- ২ এর সদস্যবৃন্দ।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, আজ বুধবার সকালে পার্বতীপুর উপজেলার মেলারডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পরিচালিত মেসার্স শাফী ব্রিকস ও একই উপজেলার মরনাই এলাকার মেসার্স বারী ব্রিকস নামক দুটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লাখ করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ( সংশোধিত ২০১৯) মোতাবেক মোট ৬ লাখ টাকা জরিমানা ধার্য্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।
সেই সাথে কাঁচা ইট বিনষ্ট করা হয় এবং হয়বৎপুর এলাকার মেসার্স যমুনা ব্রিকস এবং যশাইহাট দূর্গাপুর এলাকার মেসার্স আর টি ব্রিকস নামক দুটি ইটভাটার চিমনী সম্পূর্ণভাবে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ওই অভিযানে পার্বতীপুর উপজেলার টেকেরহাট এলাকায় মেসার্স ভাই ভাই ব্রিকস এর স্বত্ত্বাধিকারীকে তাৎক্ষনিক ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও একই উপজেলার দক্ষিণ পলাশবাড়ি এলাকায় মেসার্স এআরবি ব্রিকস ও মেসার্স সততা ব্রিকস ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।
দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক বদরুন্নাহার সীমা বলেন, ‘দিনাজপুরে ৩১টি ইটভাটার বিরুদ্ধে জাল রিট ও ভুয়া আদেশ দেখিয়ে ভাটা পরিচালনার অভিযোগে আদালতে মামলা চলমান রয়েছে। সেই ৩১ ইটভাটাসহ অবৈধভাবে ভাটা পরিচালনাকারীদের কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এরপরেও তারা ভাটা পরিচালনা করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে অবৈধ্য ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This