পীরগঞ্জে খন্ডিত লাশের মাথা উদ্ধার ১ জন গ্রেফতার


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে নারীর মস্তকবিহীন লাশ উদ্ধারের ২৪ ঘন্টা পর খন্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে চতরা ইউপি’র করতোয়া নদীর ধারে পাকার মাথা টোংরারদহ নামক স্থান থেকে খন্ডিত মাথাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের মুনছুর আলীর ছেলে আতিকুর রহমান মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
বিকেলে প্রেস ব্রিফিং-এ রংপুরের পুলিশ সুপার আবু সাইম জানান, শুক্রবার সকালে চতরা ইউপিথর বড় বদনাপাড়ায় শাহারুলের স্ত্রী রওশনারা বেগম মরিচ উঠাতে মরিচ ক্ষেতে মাথাহীন এক নারীর লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাথাবিহীন লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সিআইডি ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পৌঁছে ফিংগার প্রিন্টের মাধ্যমে পরিচয় ও ঠিকানা সনাক্ত করে। তথ্য-প্রযুক্তির মাধ্যমে ওই নারীর নাম দেলোয়ারা (৩১) জানা সম্ভব হয়। সে গাইবান্দার গোবিন্দগঞ্জের দিলালপুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী ও নীলফামারি জলঢাকার পশ্চিম গোরমুক্তা গ্রামের ফকিরপাড়ার রবিউল ইসলামের কন্যা। তিনি জানান, সহকারি পুলিশ সুপার আছিফা আফরোজা আদরি, ওসি এমএ ফারুকসহ পুলিশের চৌকস টিম ধৃত আতিকুল ইসলামের বসতবাড়িতে তল্লাশির পর কলাবাগান থেকে বস্তা ও ব্যাগে ভর্তি ছবি, সীম কার্ড, কাগজে লিখিত কয়েকটি মোবাইল নম্বর মিললে তথ্য-প্রযুক্তির মাধ্যমে মৃত্যের সঠিক পরিচয় উদ্ধার হয় এবং আতিকুলের গতিবিধিতে নজর রাখে পুলিশ। শনিবার সকালে বোরখা পরে পালিয়ে যাবার পথে কাবিলপুর ইউনিয়নের ঘনশ্যামপুর সড়ক থেকে আতিকুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে আতিকুলের স্বীকারোক্তিতে কাটা মাথার সন্ধান মেলে ও মাথাটি পুলিশ উদ্ধার করে। হত্যাকান্ডের প্রকৃত রহস্য এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে তদন্ত চলছে বলেও তিনি জানান। তবে ধৃত আতিকুল ইসলাম কৃখ্যাত জুয়াড়ি হিসেবে এলাকায় পরিচিত। এদিকে খবর লেখা পর্যন্ত মাথা উদ্ধারের পর থেকে পুলিশের পাশাপাশি র্যাব-১৩সিপিএসসির গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ করছিল।
