পীরগঞ্জে ডিবি পরিচয়ে বাড়ি তল্লাশীর চেষ্টায় ডাকাত সন্দেহে গণপিটুনী


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি তল্লাশীর চেষ্টাকালে ডাকাত সন্দেহে অবরুদ্ধ করে গণপিটুনী দিয়েছে গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার পাঁচগাছি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের পশ্চিমপাড়ায় ঘটেছে এমন ঘটনা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকাল ৩ টার দিকে ৩ জন অপরিচিত মানুষ আব্দুর রাজ্জাকের বাড়িতে প্রবেশ করে তাঁর বাড়িতে অবৈধ মালামাল আছে বলে জানায়। এ সময় আব্দুর রাজ্জাক তাদের পরিচয় জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়। তাদের আচরণে সন্দেহ হলে আব্দুর রাজ্জাক আশপাশে খবর দেয়। কয়েকজন গ্রামবাসী ওই বাড়িতে আসলে তাদের সাথে তর্কে জড়ান ডিবি পুলিশ পরিচয় দেয়া ব্যক্তিরা। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে পার্শ্ববর্তী দিনোবন্ধু বর্মনের বাড়িতে আশ্রয় নেয়। ঘটনাটি মহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এবং দিনোবন্ধুর ঘরের জানালা-দরজা ভেঙ্গে তাদেরকে বেধড়কপিটুনী দেয় এবং তাদের ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয় উত্তেজিত এলাকাবাসী। একপর্যায়ে ৩ জনের মধ্যে একজন কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুকসহ সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে আসে। আব্দুর রাজ্জাক ঘটনার বিবরণ দিয়ে জানান, তারা প্রথমে টয়লেট ব্যবহারের কথা বলে বাড়িতে প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। এমন কি আমি অবৈধ ব্যবসা করি বলে চাপ দেয়। এতে আমি তাদের পরিচয় জানতে চাই। এমন সময় আমার প্রতিবেশি মোহনের স্ত্রী এসে এদের ৩ জনের ১ জন তাদের বাড়িতে গত শনিবার ডাকাতির সময় পুলিশ পরিচয় দিয়েছিল বলে জানায়। তাদের একজনের প্যান্টের পকেটে তিনি হাতকড়াও দেখেছেন বলে জানান। মোহন চন্দ্র বর্মন নামের এক ব্যক্তি সাংবাদিকদের জানান, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে একজন গত শনিবার আমার বাড়ি থেকে দেড় ভরি সোনা, রুপা ৪০ হাজার টাকা বাড়ির সবাইকে জিম্মি করে নিয়ে যায়। আমি এদের শাস্তি চাই। পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক জানান, ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। আহত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসক ছাড়পত্র দিলে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, ১মার্চ শনিবার দুপুরে এনায়েতপুর গ্রামের মৃত. রাম চন্দ্র বর্মণের ছেলে মোহন চন্দ্র বর্মণের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশীর কথা বলে দেড় ভরি সোনা-রুপা ও নগদ ৪০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।
