পীরগঞ্জে পুদিনা চাষে মৃদুলের সফল্য


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পুদিনা পাতা ঔষধি গাছ হিসেবে বহুকাল আগে থেকেই পরিচিত। এ পাতা সর্দি কাশির জন্য খুবই উপকারী। তরকারিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীতে সুগন্ধ ছড়াতেও পুদিনা পাতা ব্যবহার করা হয়। রমজান মাসে তাই হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে ঘরে ঘরে পুদিনা পাতার চাহিদা বেড়ে যায়। এ পাতা চাষে কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়ে থাকেন। সেই স্বপ্ন থেকেই পুদিনার চাষ শুরু করেছেন পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের চাষি মৃদুল ইসলাম।
সরেজমিন মাঠ ঘুরে কথা হয় পুদিনা চাষি মেহেদুল ইসলাম মৃদুলের সাথে। এসময় তিনি সাংবাদিকদের জানান, কয়েকবছর আগে আমি নার্সারীর মাধ্যমে বিভিন্ন ধরনের চারাগাছ উৎপাদন করি। উপজেলা কৃষি বিভাগ এবং বিভিন্ন কোম্পানিতে প্রশিক্ষণ নিয়ে ঔষধি গাছের চাষ শুরু করি। আমার পর এলাকায় অনেকই এখন ঔষধি গাছের চাষ করছে। আমি চাষিদের কাছ থেকে কিনে সরাসরি কোম্পানিতে সরবরাহ করি। রমজান মাস সামনে রেখে এবার প্রথম পুদিনার চাষ করি। তবে পুদিনা চাষেও আমি সফল। আগামীতে এলাকায় অনেক জমিতে পুদিনা চাষ করা হবে। অল্প খরচ এবং সময়ের মধ্যে পুদিনা চাষ হয়ে থাকে। পুদিনার পাতা উৎপাদনের আগেই ঢাকা এবং মহাখালীতে বুকিং হয়ে আছে। আর মাত্র কয়েকদি পরেই বিক্রি শুরু হবে। দিনরাত পরিশ্রম করে সুগন্ধি পুদিনার চাষে সাফল্যের স্বপ্ন দেখছেন তিনি। এছাড়াও পুদিনার জমিতে সাথী ফসল হিসাবে কলা চাষও করেছেন তিনি।
অনুসন্ধানে জানা গেছে, পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ এলাকার এসো গড়ি সমাজ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মেহেদুল ইসলাম মৃদুল কয়েক বছর থেকে বিভিন্ন ধরণের ঔষধি গাছের চারা ও পাতা উৎপাদন এবং বানিজ্যিক ভাবে বিক্রি করে আসছেন। তাঁর ঔষধি গাছের পাতা বাংলাদেশের ভালে মানের ঔষধ কোম্পানিগুলো কিনে নেয়। যে কারণে ওই এলাকায় ঔষধি গাছের চাষে কৃষকদের আগ্রহ বেড়ে গেছে কয়েকগুন। সফল এই চাষি মৃদুল প্রতিবছর নতুন নতুন ঔষধি গাছের চাষ করে থাকেন এবং তাঁর আয় দেখে এলাকায় ছড়িয়ে পরে ঔষধি গাছের বাগান। মৃদুল ইসলাম বিভিন্ন এলাকায় সমিতি বা সংগঠনের মাধ্যমে উপজেলার কয়েকটি ইউনিয়নের রাস্তাঘাটে বাসক গাছের চারা লাগিয়ে বেশকিছু সনামধন্য কোম্পানির কাছে বিক্রি করে ভালো টাকা আয় করেন। ঔষধ কোম্পানির গাড়ি প্রায়ই জাহাঙ্গীরাবাদ এসে গাড়ি লোড দিয়ে পাতা নিয়ে যায়। এছাড়াও সে তুলসীসহ কয়েক প্রকার ঔষধি গাছের চাষ করে থাকেন বলে এলাকার সচেতন মহল জানান।
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান, এখানকার মাটি সকল প্রকার ফসল চাষের উপযোগী। ঔষধি উদ্ভিদ চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। উপজেলার কয়েকটি স্থানে ঔষধি গাছ চাষ করা হয়েছে। এরমধ্যে জাহাঙ্গীরাবাদ এলাকায় মেহেদুল ইসলাম মৃদুল সবার আগে নতুন ঔষধি গাছের চাষ করে এলাকার চাষীদেরকে তাক লাগিয়ে দেন। অধিক লাভের আশায় তিনি বাণিজ্যিক ভাবে পুদিনার চাষ করেছেন। স্থানীয়ভাবে পুদিনার চাহিদা থাকলেও বাইরের পাইকাররাও এখান থেকে পুদিনা পাতা ক্রয় করবে। এছাড়াও আগামীতে উপজেলায় ব্যাপকভাবে পুদিনা চাষ হতে পারে বলে তিনি জানান।
