বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থী ও এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগে চাকরি মেলার উদ্বোধন করা হয়েছে।
পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে আজ সোমবার সকালে টিটিসি প্রাঙ্গণে এ চাকরি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের ডিপুটি ম্যানেজার নিখিল চন্দ্র রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জিয়া উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ ধরনের চাকরি মেলা প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের বাস্তব কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ সৃষ্টি করবে।
চাকরি মেলায় পীরগঞ্জ টিটিসি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীসহ স্থানীয় বেকার যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন। এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন পদের জন্য প্রাথমিক বাছাই ও সাক্ষাৎকার গ্রহণ করা হয়। প্রাথমিক বাছাই এবং সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়া সকলকেই চাকুরী প্রদান করবে প্রাণ ও আরএফএল গ্রুপ।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণ করা হবে।

Share This