পীরগঞ্জে স্কুল কক্ষ থেকে ব্যালট উদ্ধার! ইউএনও’র গাড়ী ভাংচুর


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল যুক্ত ২টি এবং ৪টি হা না ভোটের ব্যালট উদ্ধার নিয়ে তুলকালাম ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পপি খাতুন ঘটনাস্থলে উপস্থিত হলে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিত ও তাঁর গাড়ির গ্লাস ভাঙচুর করে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।
জানা গেছে, আজ সোমবার সকালে ২ শিক্ষক ও ২ শিশু হাসারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ ঝাড়ু দিচ্ছিল। এ সময় বিদ্যালয়ের কক্ষে পরিত্যক্ত কাগজ পেয়ে শিক্ষককে জমা দেন। এরমধ্যে ধানের শীষ প্রতীকে ২টি সিল দেয়া ব্যালট ও ২টি হ্যাঁ না ভোটের ব্যালট ছিল। দ্রুত বিষয়টি জানাজানি হলে হাজারো জনতা বিদ্যালয় চত্বরে জমা হয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি দীর্ঘক্ষণ পর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমানসহ ঘটনাস্থলে গিয়ে শিক্ষকদের কাছ থেকে ব্যালট পেপার গুলো নেন।
এদিকে এলাকাবাসী অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ হয়ে উঠেন এবং বিদ্যালয়ের শিক্ষক এবং শিশু ২ জনকে শাস্তি প্রদানের ঘোষনা দেন। এতে জনসাধারন উত্তেজিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তারা যে কোনো মূল্যে শিক্ষক ও শিশু ২টিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে প্রতিহতের ঘোষণা দেন। এক পর্যায়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছান এবং পুলিশি প্রহরায় ঘটনাস্থল ত্যাগ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, বিষয়গুলো পরে জানানো হবে।
