সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পীরগঞ্জ হাসপাতালে ঝাড়ু হাতে এমপি নূরুল আমিন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের নব-নিবার্চিত জামায়াতের সংসদ সদস্য নূরুল আমিন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন। আজ সোমবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর এমপি নুরুল আমিন নিজ হাতে ঝাড়ু দিয়ে স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন অংশ পরিষ্কার করেন। এসময় দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন। পুরো স্বাস্থ্য কেন্দ্র এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য নূরুল আমিন বলেন, “আমিরে জামায়াতের নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু বাহ্যিক ময়লা পরিষ্কার করা নয়; মানুষের মনের ভেতরের ময়লা ও অনিয়ম দূর করাও এর একটি বড় লক্ষ্য। পরিচ্ছন্নতা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ব।”
তিনি আরও বলেন, একটি স্বাস্থ্য কেন্দ্র পরিচ্ছন্ন থাকলে রোগীরা মানসিক স্বস্তি পান এবং চিকিৎসা সেবার মানও উন্নত হয়। নিজের এলাকা পরিষ্কার রাখা প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব উল্লেখ করে তিনি আরো বলেন, “জনগণের সেবক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য।”এ সময় তিনি দেশ থেকে সব ধরনের আবর্জনা, দুর্নীতি ও অনিয়ম দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্থানীয়রা জানান, একজন জনপ্রতিনিধিকে নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন। নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজন করা হলে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS