বুধবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রভাবশালীদের ছত্রছায়ায় দিঘী দখলের প্রতিবাদে প্রকৃত জেলেদের মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি
নীতিমালা উপেক্ষা করে প্রকৃত জেলেদের বঞ্চিত করে প্রভাবশালীদের ছত্রছায়ায় সরকারি জলাশয় কুজাইল দিঘী ইজারা দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে কালাই। এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাদারপুর মালীপাড়া মৎসজীবী সমবায় সমিতি।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিসের সামনে আয়োজিত মানববন্ধনে সমিতির সদস্যদের পাশাপাশি স্থানীয় বহু জেলে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সরকার নির্ধারিত নীতিমালা উপেক্ষা করে কৌশলে প্রকৃত মৎস্যজীবীদের বাদ দিয়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় বাদাউচ্চ মধ্যপাড়া মৎস্য সমবায় সমিতি-কে কুজাইল দিঘী ইজারা দেওয়া হয়েছে। এতে করে দীর্ঘদিন ধরে এই দিঘী নির্ভর জেলে পরিবারগুলো সরাসরি জীবিকা হারানোর ঝুঁকিতে পড়েছে।
মানববন্ধনে সমিতির সভাপতি শ্রী অনিল চন্দ্র মালী বলেন, “সরকারি জলাশয়ে যদি প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত না করা হয়, তাহলে আমাদের পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়তে হবে। অবিলম্বে এই ইজারা প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত জেলেদের হাতেই কুজাইল দিঘী হস্তান্তর করতে হবে।”
মানববন্ধন চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা প্রশাসক আল মামুন মিয়া এবং কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আরা।
এ সময় আন্দোলনরত জেলেরা তাদের অভিযোগ সরাসরি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, আপনাদের অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে শুনেছি। অভিযোগের সত্যতা তদন্ত করে পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের পক্ষে যা ন্যায়সঙ্গত ও বিধিসম্মত হবে, সেটাই করা হবে। স্থানীয় জেলেদের দাবি—প্রভাবশালীদের নয়, কুজাইল দিঘীর ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক প্রকৃত মৎস্যজীবীদের হাতেই।

Share This

COMMENTS