ফসলের সাথে কেন এমন শত্রুতা


জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতেমতিরুল ইসলাম নামের এক কৃষক ২৫ শতক জমিতে ২২শ শীতকালীন আগাম সবজি বাঁধা কপি লাগিয়ে আশায় বুক বেঁধেছিলেন। ঐ জমির সমস্ত কপির চারা গাছ গুলো এক রাতেই কেটে কৃষকের সেই স্বপ্নকে ধুলিস্মাৎ করেছে দূর্বৃত্তরা । কাটা চারা হাতে নিয়ে জমিতে আহাজারি করছেন ভুক্তভোগী কৃষক । কখনো নির্বাক হয়ে জমির আইলে বসে দেখছেন কাটা চারাগুলো । এ ঘটনায় ঐ কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। রোববার দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের কড়িয়া রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ (সোমবার) সকালে ভুক্তভোগী কৃষক মতিরুল ইসলাম পাঁচবিবি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কড়িয়া রামনগর গ্রামের আব্দুর রহমানের পুত্র মতিরুল ইসলাম ৭ বছর পূর্বে একই এলাকার সোলাইমান দেওয়ানের ২৫ শতক জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন। চলতি শীতকালীন মৌসুমে উক্ত জমিতে ৩৫ দিন পূর্বে বাঁধা কপি চারা রোপন করে। আর মাত্র ২৫ – ৩০ দিনের মধ্যেই ক্ষেত থেকে বাঁধাকপি বিক্রয় করা যেত । কিন্ত এরই মধ্যে রাতের আধারে দূর্বৃত্তরা জমির সমস্ত চারা কেটে ব্যাপক ক্ষতি করেছে ।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
