
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের অয়োজনে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা দুর্যোগ, ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের উপর মহড়া প্রদর্শন করেন। পরে সেখানে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এরপর বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর প্রসাশক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, সেনাবাহিনীর ক্যাপ্টেন কায়েস, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রিতা রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা বেগম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, শিক্ষার্থী ও ফায়ার সার্ভিস কর্মীরা ।