শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে কবরস্থানের তেঁতুলগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ফুলবাড়ীতে প্রায় ৬শ বছরের পুরনো এক তেঁতুল গাছের ১০০ফিট উঁচু থেকে পড়ে অন্তর শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার দক্ষিণ বাসুদেবপুর পুরাতন বন্দর এলাকায় মিরাম উদ্দিন পীর সাহেবের মাজার ও কবরস্থানের তেঁতুল গাছ থেকে গত সোমবার পড়ে যায় অন্তর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৩মার্চ) দুপুর ১২টায় মারা যায় সে।
নিহত অন্তর শেখ (২৫) উপজেলার দক্ষিণ বাসুদেবপুর পুরাতন বন্দর এলাকার জাহাঙ্গীর হোসেন ও মঞ্জুআরা দম্পতির ছোট ছেলে।
জানা যায়, ফুলবাড়ী উপজেলাধীন ৭নং শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর পুরাতন বন্দরে মিরাম উদ্দিন পীর সাহেবের মাজার ও কবরস্থান অবস্থিত। কবরস্থানের পশ্চিম পাশ ঘেষে ছোট যমুনা নদী বয়ে গেছে। কথিত আছে, ১৪শতকের দিকে এই নদীতে পাল তুলে নৌকা এসে ভিড়ত এই এলাকায়। মাজারের বৃহৎ পাকড় গাছ ও তেঁতুল গাছে নৌকা বেঁধে ব্যবসা করতেন দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। কালক্রমে বন্দর কিছুটা দক্ষিণ দিকে সরে গিয়ে ফুলবাড়ী বাজার প্রতিষ্ঠিত হয়। তবে কালের বিবর্তনে হারিয়ে গেলেও লোকজন এখনও এই এলাকাকে পুরাতন বন্দর বলেই চেনে।

কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেই তেঁতুল গাছে প্রচুর তেঁতুল ধরে। গত কয়েক বছর থেকে মাজার উন্নয়ন কমিটি প্রকাশ্যে নিলামের মাধ্যমে সেই তেঁতুল বিক্রি করে আসছে। গাছের আকার অনেক বড় হওয়ায় যে কেউ গাছে চড়তে পারেনা বলে নিলামে আগ্রহ দেখায় না। তবে পুরো গ্রামের যে কয়েকজন গাছে চড়তে পারে তাদের মধ্যে অন্তর একজন। তাই অন্যান্য বছরের মত এবারও সে গাছের তেঁতুল নিলামের মাধ্যমে ক্রয় করে। গত সোমবার (১৭মার্চ) ব্যাগ হাতে তেঁতুল পাড়তে গাছে চড়লে প্রায় ১০০ফিট উপর থেকে পড়ে যায় সে। এতে গুরুতর আহত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তারপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার (২৩মার্চ) দুপুর ১২টায় তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

 

 

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This