ফুলবাড়ীতে খড়ি বোঝায় ট্রলির চাকা ব্লাস্ট হয়ে নিহত ১


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানী খড়ি বোঝায় ট্রলির চাকা ব্লাস্ট হয়ে আব্দুস সালাম (৪২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় পৌর শহরের হানিফ কাউন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম উপজেলার শিবনগর ইউনিয়নের চক্কবীর (মীরপাড়া) গ্রামের তহুবার রহমানের ছেলে ও পেশায় অটোচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের হানিফ কাউন্টারের সামনে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে জ্বালানী খড়ি বোঝায় একটি ট্রলি চাকা ব্লাস্ট হয়ে (ফেটে যায়)। এতে চাকার রিংএর একটি অংশ ছিটকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আব্দুস সালাম এর মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই সে গুরুতর জখম হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনায় ট্রলির চালক হেল্পার পালিয়ে যায়। এসময় সড়কের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সহায়তায় যানজট নিরসন করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, মরদেহ সুরতহাল করা হচ্ছে। মালামালসহ ট্রলি উদ্ধার কাজ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
