
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ঘুর্নিঝড় দানার প্রভাবে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এতে জনজীবন স্থবির হয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি আর হিমেল হাওয়ায় শীত অনুভত হতে শুরু করেছে এ অঞ্চলে। অতিরিক্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হয়নি অধিকাংশ মানুষ। ফলে শহরের রাস্তা-ঘাট জনশূন্য দেখা গেছে। জীবিকার তাগিদে বৃষ্টি আর শীতল হাওয়া উপেক্ষা করেই খেটে খাওয়া মানুষ রিক্সা-ভ্যান নিয়ে বের হলেও তাদের রোজগার হয়নি বলে জানিয়েছেন তারা। এই মঙ্গার বাজারে রোজগার বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে অন্যন্য নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষও। এদিকে ঘূর্ণিঝড় দানা’র প্রভাব পড়েছে ফসলের মাঠেও। ফলে গত দু’দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ বইছে দমকা হাওয়ায় কিছু কিছু এলাকার অনেক কৃষকের রোপা আমন ধান নুয়ে পড়েছে মাটিতে। ক্ষতির মুখে পড়েছে শীতকালীন আগাম শাকসবজিসহ বিভিন্ন ধরনের রবিশস্য। আগামী দুইদিন রোদ না হলে এসব ফসল নষ্ট হয়ে যাওয়ার শঙ্কাও করছেন কৃষকরা। এতে ক্ষতির আশঙ্কায় আছেন তারা। ফকির আলী, সোলাইমান,রাজ্জাকসহ কয়েকজন রিক্সা -ভ্যান চালক বলেন, বাজারে নিত্যপন্যের দাম আকাশ ছোয়া, এর উপর রোজগার নাই, কাতি মাসে অভাব বেশি হয়। তাই তারা বৃষ্টি উপেক্ষা করে বের হলেও শহরে মানুষ না থাকায় তারা যাত্রী পাচ্ছেনা, এতে করে তাদের জীবিকা অচল হয়ে পড়েছে। বৃষ্টি ও শীতল হাওয়ায় শীতের আগামী বার্তা দিচ্ছে এ অঞ্চলে। স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানায়, এ অঞ্চলে শরৎ শেষে ও হেমন্তের শুরুতে শীত শুরু হয়। কিন্তু শরতের এই শীতল বাতাস আগাম শীত এনে দিয়েছে। দিনাজপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায় ৩মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ জেলায় তাপ মাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।