
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে গোয়ালঘরে আগুন লেগে চারটি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় একটি গরু গুরুতরভাবে আহত হয়েছে। আজ মঙ্গলবার ভোর প্রায় ৬টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের উপজেলার আম্রবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
অম্রবাড়ী গ্রামের ক্ষতিগ্রস্ত রিয়াজুল ইসলাম জানান, সেহেরি খেয়ে একটু ঘুমিয়েছি এমন সময় ভোরে হঠাৎ গোয়ালঘর থেকে ধোঁয়া ও আগুন দেখতে পান। পরে পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে গোয়ালঘরে থাকা চারটি ছাগল পুড়ে মারা যায় এবং একটি গরু আহত হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।