ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত, আহত ৪


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ইসলাম মিয়া (৫৩) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এঘটনায় ভ্যানের চালকসহ ৪জন আহত হয়েছেন। ঘাতক ট্রাক আটকটি হলেও এর চালক হেল্পার পালিয়ে গেছে।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় পৌর এলাকার বারোকোনা মোড় এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ভ্যানের যাত্রী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত কফিল উদ্দিন মিয়ার ছেলে ইসলাম মিয়া (৫৩) নিহত হন। এসময় ভ্যান চালক পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের আলমগীর হোসেন, ভ্যান যাত্রী খয়েরবাড়ী ইউনিয়নের মহদীপুর গ্রামের উম্মে হাবিবা (৩২) ও তার ছেলে মাহাদী (৪), একই এলাকার সুবর্না খাতুন (৪০) গুরুতর আহত হয়।
থানা সূত্রে জানা যায়, হতাহতরা উপজেলার লক্ষীপুর বাজার থেকে ফুলবাড়ী অভিমুখে একটি ভ্যান আসছিল। পৌর এলাকার বারোকোনা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-০৫৬৮) ধাক্কা দিলে ভ্যানের সব যাত্রী গুরুতর আহত হয়। এসময় ট্রাকের চালক হেল্পার গাড়ি রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভ্যান যাত্রী ইসলাম মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এসময় গুরুতর আহত দুজন কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফুলবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার একেএম মুহিব্বুল জানান, এঘটনায় ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। এর ড্রাইভার-হেল্পার পলাতক রয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে সড়ক ও পরিবহন আইনে একটি মামলা হবে।
