ফুলবাড়ীতে নিজের গাড়ির নিচে চাপা পড়ে হেল্পারের মর্মান্তিক মৃত্যু


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে পাওয়ার ট্রলির নিচে চাপা পড়ে শাকিব হাসান (২০) নামে এক যুবকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাকিব ওই গাড়িরই হেল্পার (চালকের সহকারী) ছিলেন বলে জানা যায়।
আজ বুধবার বেলা ১১টায় উপজেলার রাঙামাটি বোল্লাকালী মন্দির এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিব হাসান পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের খাজেরডাঙা গ্রামের মো. গোফফার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙামাটি বোল্লাকালী মন্দির এলাকায় নবাবগঞ্জ গামী কাঠখড়ি বোঝায় একটি পাওয়ার ট্রলি চলমান অবস্থায় অসাবধানতা বশত এর হেল্পার আকস্মিক ভাবে পড়ে যায়। এসময় তার উপর দিয়ে ওই ট্রলির চাকা উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ শাহ জানান, পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এঘটনায় সড়ক ও পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।
