ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপ্টাস গাছের চারা ধ্বংস


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে সরকার কর্তৃক নিষিদ্ধ ইউক্যালিপ্টাস গাছের ২ হাজার চারা ধ্বংস করা হয়েছে। আজ বুধবার দুপুর ২টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙামাটি ও এলুয়াড়ী ইউনিয়নের গণিপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব চারাগাছ ধ্বংস করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান খান ও উপসহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন।
এর আগে গত ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে আকাশমনি ও ইউক্যালিপ্টাস গাছের চারা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে ও জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গিকার পূরণে এ দুটি প্রজাতির গাছের চারা তৈরি, রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
এই নির্দেশনার আলোকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় দুই বোন নার্সারীতে অভিযান চালিয়ে ১৫শ ও এলুয়াড়ী ইউনিয়নের গণিপুর এলাকায় সুধীর নার্সারীতে ৫শ ইউক্যালিপ্টাস চারা ধ্বংস করা হয়।
ইউএনও মো. ইসাহাক আলী জানান, গবেষণায় দেখা গেছে এসব গাছের পানি শোষণক্ষমতা বেশি ও মাটিকে রুক্ষ করে তোলে। তাই দেশের জীববৈচিত্র্য রক্ষায় আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিতে এই অভিযান। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
