ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে আহত ১৬


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে ১৬জন যাত্রী আহত হয়েছে। এ ঘটানায় গুরুতর আহত হয়েছেন ২ জন। আজ রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলার খয়েরবাড়ী ইউনয়নের পূর্ব মহেশপুর (ব্রহ্মচারী) নামক এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার নওগাঁ জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর, মীরপুর, গনেশপুর গ্রাম থেকে ৬০ জন যাত্রী নিয়ে একটি বাস পিকনিকের উদ্দেশ্যে দিনাজপুরের স্বপ্নপুরিতে রওনা দিলে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে সকাল সাড়ে ১০ টার দিকে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনয়নের পূর্ব মহেশপুর (ব্রহ্মচারী) এলাকায় পৌঁছালে সেখানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অন্য গাড়িকে ওভারটেক করার সময় পিকনিকের বাসের সামনের চাকার হুইলসেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে (ঢাকা-মেট্রো ব-১৪২১১৯) যাত্রীবাহী বাসটি সড়কের পাশে ফসলি জমিতে পড়ে উল্টে যায়। এসময় যাত্রীবাহী পিকনিকের বাসে থাকা ১৬জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এর মধ্যে বারিকুল ইসলাম ( ২৮) এবং আকরাম হোসেন (৩৯) নামে দুইজন যাত্রী গুরুতর আহত আহওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএকেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কিছু লোক আহত হয়েছে। তবে কেউ নিহত হয়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। বাসটিকে উদ্ধার করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
