
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) নারী কৃষকদের মাঝে বস্তায় আদা ও হলুদ চাষে মৌলিক প্রশিক্ষণ এবং ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আদিবাসীদের জীবন মান উন্নয়নে আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত দিন ব্যাপী বেসরকারী সংস্থা বেসিক এর আয়োজনে সুজাপুর গ্রামে সংস্থার অস্থায়ী কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন, সিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাদিজা আক্তার, বেসরকারী সংস্থা বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, আদিবাসী নেতা চুন্ন টুডু প্রমুখ।
প্রশিক্ষণ শেষে ৫০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) নারী কৃষকদের মাঝে একটি করে ফলদ গাছের চারা,সাজিনা গাছ, হলুদ ও আদা বীজসহ খালি বস্তা বিতরণ করা হয়।
প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে স্বল্প পুজিতে বাড়ীর আশপাশে বস্তায় আদা ও হলুদ চাষাবাদের মধ্যদিয়ে নিজেদের চাহিদা পুরণসহ বাজারে বিক্রি করে ক্ষুদ্রনৃগোষ্ঠীরা তাদের জীবন মান উন্নয়ন করতে পারবে। এছাড়া যেসব ফলদ গাছ বিতরণ করা হচ্ছে। সেগুলো থেকে তাদের পুষ্টি চাহিদা পুরন হবে।