ফুলবাড়ীতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের বিশ্ব চিন্তা দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের বিশ্ব চিন্তা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন ফুলবাড়ীর উদ্যোগে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় কমিশনার, গার্লস গাইড কমিটির সদস্যসহ শিশু-কিশোররা উপস্থিত ছিলেন। বিশ্ব গার্ল গাইড ও গার্ল স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এবং বিশ্ব চিফ গাইড লেডি ওলেভ ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর এ দিনে বিশ্বজুড়ে ভ্রাতৃত্ববোধ ও সচেতনতা দিবসটি পালিত হয়। ১৯২৬ সাল থেকে এ দিনে মেয়েরা বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় অনুপ্রেরণা গ্রহণ করে।
এ দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের গার্ল গাইড ও স্কাউটরা নিজেদের সমস্যা নিয়ে চিন্তা করে এবং ভালো কাজের মাধ্যমে বিশ্বকে আরও সুন্দর করার শপথ নেয়। বিশ্বব্যাপী গার্ল গাইড ও গার্ল স্কাউটদের ভ্রাতৃত্ববোধ উদযাপন, লিঙ্গসমতা, পরিবেশ ও বৈশ্বিক নানা সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। দিনাজপুর জেলা গার্ল গাইড অ্যাসোসিয়েশনের কমিশনার মোছা. মকছুদা পারভীন। ফুলবাড়ী উপজেলার স্থানীয় কমিশনার শিক্ষক ফৌজিয়া খানম , সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক ভারতী রানী, কোষাধ্যক্ষ শিক্ষক মোছা. শাহীন আরা বুলবুল।
উল্লেখ্য, হলদে পাখির হয়ে রুদ্রানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গার্ল গাইডের হয়ে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করেন।
