বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে বাস চাপায় পথচারি নিহত আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাতনামা বাস চাপায় আব্দুল গণি সরকার (৬৫) নামে এক পথচারি নিহত হয়েছেন।
আজ বুধবার (১৮মার্চ) বেলা ১২টার সময় পৌরশহরের বারোকোনা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গণি সরকার পৌর এলাকার বারোকোনা গ্রামের মৃত তৈয়ব আলী সরকারের ছেলে।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ঘটনা স্থলে স্পিড ব্রেকারের (গতিরোধক) দাবিতে প্রায় আড়াই ঘন্টাব্যাপী দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসের প্রেক্ষিতে স্থানীয়রা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার (১৮মার্চ) বেলা ১২টার সময় পৌরশহরের বারোকোনা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অজ্ঞাতনামা বাস পথচারি আব্দুল গণি সরকারকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ঘটনা স্থলে স্পিড ব্রেকারের দাবিতে প্রায় আড়াই ঘন্টাব্যাপী দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীসহ সাধারণ মানুষ।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। স্থানীয়রা না মানলে একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ওই ঘটনা স্থলে স্পিড ব্রেকার স্থাপনের আশ্বাস প্রদান করলে এলাকাবাসী আবরোধ প্রত্যাহার করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।#

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS