ফুলবাড়ীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১ আহত ১৪


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে আরিফ ইসলাম নামের এক বাসযাত্রী যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪জন বাসযাত্রী। আজ শুক্রবার ভোর ৫টায় উপজেলার ভিমলপুর মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ ইসলাম (২৪) দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউপির মাঝাডাঙ্গা গ্রামের মো. জাকারিয়া ইসলামের ছেলে। আহতদের মধ্যে দু-জন যাত্রীর অবস্থা অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম খন্দকার মহিব্বুল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর ৫টার সময় ঘূর্ণিঝড় ডানা’র প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী নওশিন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-২১-১৪) যাত্রীবাহী বাসটি ভিমলপুর মোড়ে এসে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে একটি ছোট ব্রীজের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আরিফ ইসলাম নামের এক বাসযাত্রী নিহত হয়। ভোরে দুর্ঘটনা ঘটলেও নিহতের পরিচয় সনাক্ত হয় দুপুরে। আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম খন্দকার মহিব্বুল ঘটনা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় ফায়ারসার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল তদন্ত করা হয়েছে, দীর্ঘ সময় পর তার পরিচয়। এঘটনায় ফুলবাড়ী থানায় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
