
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে হত্যা মামলায় মরদেহ উদ্ধার ২৪ ঘন্টায় এজাহারভুক্ত ৫জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার নিখোঁজের দুদিন পর উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের সাব্বির হোসেন সবুজ এর মস্তকবিহীন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে মরদেহের মস্তক এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এঘটনায় নিহতের ভাই একটি হত্যা মামলা করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার কাজিহাল ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত ইমার উদ্দিনের ছেলে মো. মাহাবুর রহমান (৪০), রশিদপুর সরকারপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ইস্তিয়াক সরকার (৪০), পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত ওবাইদুল হক সরকারের ছেলে মো. রায়হান সরকার রতন (৪৬), মিরপুর (জলেশ^রী) গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে মো. রাশেদুজ্জামান ডালিম (৪০), একই গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে মো. আব্দুর হামেদ (৫২)।
জানাগেছে, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিখোঁজের দুইদিন পর উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধান ক্ষেতের ডোবা থেকে এক যুবকের মস্তকবিহীন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। শ্যালো মেশিনের সাহায্যে রাতভর ডোবার পানি ছেঁচেও মরদেহের মাথা পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন মরদেহের শরীরের একটি বিশেষ চিহ্ন দেখে মরদেহটি সাব্বির হোসেন সবুজের বলে পরিচয় সনাক্ত করে। সবুজ ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকার এর ছেলে। গেল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজ বাড়ি থেকে আটপুকুরহাট ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি বের হয়ে যায় সবুজ। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরবর্তীতে বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাননি। পরদিন গত বুধবার (২৪ সেপ্টেম্বর) তার পরিবারের লোকজন ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে এ ঘটনায় গত শুক্রবার রাতে নিহতের ছোট ভাই সাদেক হাসান সজিব বাদী হয়ে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ওই রাতেই ৫ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার সকালে দিনাজপুর আদালতে প্রেরন করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, নিহতের ছোট ভাই সাদেক হাসান সজিব বাদী হয়ে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাতভর অভিযান চালিয়ে ৫জন কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরন করা হয়েছে। মরদেহের মাথা এখনো পর্যন্ত পাওয়া যায়নি।