
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামি চিন্তাবিদ মুফতি তোফায়েল আহম্মেদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
আজ শনিবার বিকেলে দিনাজপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজ্জামান জামান ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির হাতে ফুলেল শুভেচ্ছা গ্রহণের মাধ্যমে তিনি বিএনপিতে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহ-সভাপতি আব্দুল মজিদ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মুফতি তোফায়েল আহম্মেদ মুক্তিযোদ্ধা একাডেমিক মাদরাসার মুহতামিম এবং একজন পরিচিত ইসলামিক বক্তা। তিনি ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম লিয়াকত আলীর ছেলে।
বিএনপিতে যোগদান উপলক্ষে মুফতি তোফায়েল আহম্মেদ বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এবং আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস স্থাপন করে রাজনীতি করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ এবং ‘আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংযোজন করেছিলেন।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন আলেম-ওলামাদের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে সংগ্রাম করেছেন। বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রেখে এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনার ঘোষণা দেওয়ায় তিনি নিজেসহ দেশের বিভিন্ন এলাকার আলেম-ওলামা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।