
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯বিজিবি) কর্তৃক ভারত থেকে আসা অস্ত্র ও মাদকের চালান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ২টি ওয়ান শুটার গান, ৪রাউন্ড গুলি, মাদকের মধ্যে ফেন্সিগ্রীফ, নেশা জাতীয় ইঞ্জেকশন, মদ ও আমলকুল অন্যতম।
বিজিবি জানায়, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ আসতে পারে- এমন তথ্যে ৩ সপ্তাহ ধরে সীমান্তে নজরদারি জোরদার করে বিজিবি। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপূর্ণ এলাকার মোহনপুর বিওপির আওতাধীন সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ি নামক স্থানে সীমান্ত পিলার ৩০৮/১৯এস থেকে ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে আজ বুধবার ভোর সাড়ে ৩টায় ওঁৎপেতে থাকে বিজিবি সদস্যরা। এসময় ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে কয়েকজন চোরাচালানি। বিজিবি সদস্যরা তাদেরকে ঘেরাও করতে গেলে উপস্থিতি টের পেয়ে ৬টি মালামাল ভর্তি বস্তা রেখে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।
পরবর্তীতে উদ্ধারকৃত বস্তা গুলো খুলে ভিতরে রক্ষিত ২টি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। এছাড়াও বস্তাগুলো থেকে ১শ বোতল ফেন্সিগ্রীফ, ৫শ পিস নেশা জাতীয় ইঞ্জেকশন, ২৫ বোতল বিদেশী মদ ও ২৭ বোতল আমলকুল উদ্ধার করা হয়।
বুধবার দুপুর ২টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯বিজিবি) এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার (পিএসসি)। এসময় উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর মো. আমিনুর রহমান (জি+), সহকারী পরিচালক মো. মিজানুর রহমান (পিবিজিএমএস) উপস্থিত ছিলেন।