ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, আ.লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুয়েল ইসলাম(৩০) এর উপর হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। আজ (মঙ্গলবার) সন্ধায় এ বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এর আগে বিকেল ৫টায় ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা পরিষদ চত্বর থেকে কাজিহাল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানিক রতনকে আটক করেছে পুলিশ। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আরিফুজ্জামান মানিক রতনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবার রাতে উপজেলার পুখুরী মোড়ে সেচ্ছাসেবক দল নেতা জুয়েল এর উপর এ হামলা চালানো হয়। আহত সেচ্ছাসেবক দল নেতা জুয়েল উপজেলার কাজিহাল ইউনিয়নের মীর পুকুর গ্রামের রুহুল আমিন এর ছেলে। এ ঘটনায় আজ মঙ্গলবার সন্ধায় পৌর শহরের বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌর বিএনপির সাধারন সম্পাদক ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিকসহ কাজিহাল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এসময় তারা আওয়ামী লীগ নেতা মানিক রতন, সাবেক ইউপি সদস্য বেলাল, আওয়ামীলীগ নেতা লিয়াকতসহ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাহাজুল ইসলাম জানান, ৫ আগষ্টের পর কাজিহাল ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মানিক রতন দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় এসে আবারও তান্ডব সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে উপজেলার পুখুরী মোড়ে মানিক রতনের হুকুমে সাবেক ইউপি সদস্য বেলাল, আওয়ামী লীগ নেতা লিয়াকতসহ একদল ক্যাডার, কাজিহাল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুয়েলের উপর হামলা করে কুপিয়ে জখম করেছে। এতে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, এ ঘটনার জের ধরে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা কর্মীরা। দোষীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আরিফুজ্জামান মানিক রতনের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ থেকে তাকে আটক করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
