শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে স্মার্ট কার্ড জটিলতায় ২ মাস ধরে টিসিবি পণ্য বিতরণ বন্ধ

হতাশ ১৯ হাজার পরিবার

নিজস্ব প্রতিবেদক
স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে ন্যায্য মূল্যে বিতরণ করা হয় টিসিবি পণ্য। দিনাজপুরের ফুলবাড়ীতে স্মার্ট কার্ড জটিলতায় ২ মাস ধরে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য পায়নি উপজেলার প্রায় ১৯ হাজার পরিবার। পবিত্র রমজান মাসেও টিসিবি পণ্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তারা। স্মার্ট কার্ডের অভাবে বিতরণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ডিলাররা।
উপজেলা পরিষদ সূত্রে জানাগেছে, ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌর সভায় টিসিবি পণ্য পাওয়ার উপযোগী ১৮ হাজার ৮৭৯ জন সুবিধা ভোগী পরিবার। এর মধ্যে ১নং এলুয়াড়ী ইউনিয়নে ২ হাজার ৬১৮ জন, ২নং আলাদীপুর ইউনিয়নে ২ হাজার ২৬২ জন, ৩নং কাজিহাল ইউনিয়নে ২ হাজার ১৯০ জন, ৪ নং বেতদিঘী ইউনিয়নে ২ হাজার ২৭৫ জন, ৫নং খয়েরবাড়ী ইউনিয়নে ১ হাজার ২৮০ জন, ৬নং দৌলতপুর ইউনিয়নে ১ হাজার ৫১৪ জন, ৭নং শিবনগর ইউনিয়নে ৩ হাজার ৫৮৬ জন এবং পৌর এলাকায় ৩ হাজার ১৫৪ জন। পূর্বে হাতে লেখা কার্ডের মাধ্যমে এসব সুবিধা ভোগীদের টিসিবি পণ্য দেয়া হতো। সরকারি নির্দেশনা অনুযায়ী সুবিধা ভোগীদের স্মার্ট কার্ডের জন্য আবেদন পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৫৪ টি কার্ড চুড়ান্ত হয়েছে, যা শুধুমাত্র ইউনিয়ন এলাকার। কিন্তু বেশিরভাগ কার্ডই এখন পর্যন্ত ঢাকা থেকে আসেনি। এর আগে ডিসেম্বর মাসের পণ্য বিতরণের পর থেকে আর কোন পণ্য বিতরণ করা হয়নি। স্মার্ট কার্ডের কারনে দুই মাস টিসিবি পণ্য বিতরণ করা হয়নি। এদিকে মার্চ মাসও মাঝামাঝি। টিসিবি পণ্য সরবরাহের জন্য উপজেলায় তিনটি ডিলার রয়েছে।
রিকশা চালক হাছান আলী ও দিনমজুর আনোয়ার হোসেন বলেন, আমরা গরিব মানুষ টিসিবি পণ্য দিয়ে সংসার খরচ কিছুটা কম হচ্ছিল। কিন্তু ২ মাস ধরে টিসিবি পণ্য না পাওয়ায় সংসার খরচ অনেকটা বেড়ে গেছে। অন্তত রমজান মাসের আগে টিসিবি পণ্য পাবো বলে আশা করে ছিলাম। কিন্তু এখনো তা পেলাম না। এতে রমজানে সংসারের খরচ চালাতে কষ্ট হচ্ছে আমাদের। তারা বলেন, পার্শ্ববর্তী উপজেলা গুলোতে টিসিবি পণ্য বিতরণ করা হচ্ছে। প্রশাসন চাইলে স্মার্ট কার্ড ছাড়াও আগেরমত হার্ড কপি দেখে বিতরণ করতে পারে।
মেসার্স ভোলা প্রসাদ ট্রেডাস এর স্বত্ত্বাধিকারী টিসিবি ডিলার অনিল জানান, যতটুকু স্মার্ট কার্ড সে অনুযায়ী জানুয়ারী ও ফেব্রুয়ারি মাসের টিসিবি পণ্য মজুদ রয়েছে। সবগুলো স্মার্ট কার্ড না আসার কারনে বিতরণ সম্ভব হয়নি। উপজেলায় প্রায় ১৯ হাজার সুবিধা ভোগীর মধ্যে শুধুমাত্র ইউনিয়নের ১ হাজার ৫৪ টি কার্ড এসেছে। এ অবস্থায় পণ্য সরবরাহ করতে গেলে বাকি গ্রাহকদের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এছাড়া নানা রকম ঝামেলা হতে পারে। সে কারনে বিতরণ করা যাচ্ছে না। তবে ইউএনও স্যারের সাথে পরামর্শ করে বিতরণের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেয়া হবে। একই কথা বলেন মেসার্স শাহারিয়ার ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী ডিলার আব্দুল লতিফ। তিনি বলেন, যেটুকু স্মার্ট কার্ড এসেছে সেটুকু পণ্য পেয়েছি আমরা। এখন এই সামান্য পণ্য কি করে বিতরণ করবো?
বিষয়টি নিয়ে কথা বললে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জাফর আরিফ চৌধুরী বলেন, টিসিবির বিষয়টি ইউএনও স্যার দেখেন তার সাথে কথা বলেন। প্রশাসক হিসেবে বিষয়টি নিয়ে আমিও কথা বলবো।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আশরাফুল হক জানান, বিষয়টি আমি অবগত ছিলাম না। তাছাড়া বিতরণে সমস্যাটি কি শুধু এই উপজেলায় নাকি সারা দেশে? অন্য উপজেলায় যদি হয়ে থাকে তবে কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This