বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ১০০ লিটার দেশী মদসহ আটক এক

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ১০০ লিটার দেশী মদসহ নেপাল হাসদা (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর হোসেন কমিউনিটি সেন্টার সংলগ্ন আদিবাসী পাড়া থেকে তাকে আটক করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল এর নেতৃত্বে এসআই কমলা কান্ত ফুলবাড়ী থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নেপাল হাসদার নিজ বাড়ি থেকে ১০০ লিটার মদসহ তাকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আজ সোমবার তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়। থানা পুলিশ জানায়, নেপাল হাঁসদা দীর্ঘদিন ধরে মদের ব্যবসা করে আসছে মর্মে তাদের কাছে তথ্য রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন থানা পুলিশ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, ফুলবাড়ীতে মাদকের শেকড় উপড়ে ফেলতে আমাদের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করা হয়। কোন মাদক ব্যবসায়ী পুলিশের হাত থেকে ছাড় পাবে না, ইতিমধ্যে মাদকের গডফাদারদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আন্তরিকভাবে সহযোগিতা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পুলিশ এবং নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অনেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। ফুলবাড়ীকে মাদকমুক্ত রাখতে সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন তিনি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This