নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার, দিনাজপুর-ফুলবাড়ী আরএসডি (খুড়িয়ারডাঙ্গা-আমডুঙ্গীহাট পর্যন্ত জিসি রোডের) ৩ হাজার ২৫০ মিটার রাস্তা পাকা করণ কাজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয়দের দাবি ও প্রয়োজনের প্রেক্ষিতে বাস্তবায়িত এই উন্নয়ন কাজে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে কাদামাটি ও গর্তে ভরা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়তেন। সড়কটি সংস্বকার করণের ফলে এখন সড়কটি দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল অনেক সহজ ও নিরাপদ হয়েছে।
এলাকাবাসী জানান, সড়ক উন্নয়নের ফলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং জরুরি সেবার যানবাহন চলাচলেও সুবিধা সৃষ্টি হয়েছে। তারা সময়মতো ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
উন্নয়ন কাজ বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম জানান, জিওএম-এম বার্ষিক সড়ক রক্ষণা-বেক্ষণ এর আওতায়, ২ কোটি ৯০ লাখ ৮০ হাজার ৬২৬ টাকা ব্যয়ে ৩২৫০ মিটার দিনাজপুর-ফুলবাড়ী আরএসডি-(খুড়িয়ারডাঙ্গা-আমডুঙ্গীহাট পর্যন্ত জিসি সড়কের) কাজটি নির্ধারিত মান বজায় রেখেই পাকা করণ সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতে সড়কটির রক্ষণাবেক্ষণেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তারা আশ্বাস দেন।
সড়কটির পাকা করণে এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।