ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে আজ বৃহস্পতিবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক বাংলাদেশি নারী নাগরিক অর্চনা সুরিন (২৭) কে বিজিবি’র কাছে ফেরত দিয়েছে বিএসএফ। ফেরত আসা অর্চনা সুরিন, দিনাজপুর সদর উপজেলার রাজবাড়ী এলাকার জোসেফ সুরিনের মেয়ে।
ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অনুপ্রেবেশের দায়ে ভারতে আটক বাংলাদেশি নাগরিক অর্চনা সুরিনকে ফেরতের জন্য বিএসএফ ৫৭ ব্যাটালিয়ন এর মাধবপুর কোম্পানী কমান্ডারের আহ্বাানে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধীনস্থ রসুলপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৯৯/১ এসএ পিলারের কাছে ভারতের অভ্যন্তরে রসুলপুর শেখপাড়া (জিআর-৮২৫০৯৭, এমএস-৭৮ সি/১৪) নামক স্থানে আমড়া কোম্পানী কমান্ডারের সাথে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভারতে আটক বাংলাদেশি নারী নাগরিক অর্চনা সুরিনের জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই পূবর্ক বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় বিএসএফের পক্ষ থেকে তাকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিজিবি জানায়, আটক অর্চনা সুরিনকে বিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ঢাকায় গার্মেন্টেসে চাকরিরত ছিল। চাকরিরত অবস্থায় ভারতীয় নাগরিক দিপংকরের সাথে তার ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় তাকে বিয়ের আশ্বাস দিলে অর্চনা সুরিন ভারতীয় নাগরিক রানার মাধ্যমে চলতি বছরের ১২ ডিসেম্বর শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দিপংকরের বাড়িতে যায়। পরবর্তীতে দিপংকরের বাবা-মা তাদের বিয়ে দিতে অস্বীকার করে ভারতের পতিরাম থানা পুলিশকে খবর দেয়। ১৪ ডিসেম্বর পতিরাম থানা পুলিশ অর্চনা সুরিনকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে বিএসএফ অর্চনা সুরিনকে থানা থেকে নিয়ে আজ বৃহস্পতিবার ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, অর্চনা সুরিনকে গ্রহণের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য তাকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
