শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অভিযানে ১৬ লাখ টাকার মাদকসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী বিজিবি ব্যাটালিয়ন (২৯ বিজিবি)’র বিশেষ অভিযানে ১৬ লাখ টাকার মাদকসহ নুর আলম শাহীন (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। ২৯‌ বিজিবির আওতাধীন বিরামপুর চৌঠা বিওপি সীমান্ত এলাকা থেকে শ‌নিবার সকা‌লে ওই মাদক কারবারিকে আটক করা হ‌য়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী বিজিবি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আওতাভুক্ত বিরামপুর উপজেলার চৌঠা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শহীদুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল শনিবার সকাল সা‌ড়ে ৯টায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করেন। এসময় সীমান্ত পিলার ২৯৬/২-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌঠা গ্রামের লিচু বাগান থে‌কে ১০ হাজার ৮৭০ পিস ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন, ৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১‌ কেজি ভারতীয় জিরাসহ মো. নুর আলম শাহীন (৩৫) কে আটক করা হয়। আটককৃত নুর আলম শাহীন দিনাজপুরের বিরামপুর উপজেলার দেশমা হাট এলাকার বাকুন্ডা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সিজার মূল‌্য ১৬ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ ধৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মালামালসহ দিনাজপুরের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, বিজিবি কর্তৃক আটককৃত আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা‌ প্রক্রিয়াধীন রয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This