ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্প: ডা. জাহিদ হোসেন


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ দিয়ে অনেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই প্রপাগন্ডা প্রতিরোধ করে মানুষকে আশ্বস্ত করতে হবে যে ফ্যামিলি কার্ড সবাই পাবে। এটা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তথা বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্প।
নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার বিকেলে নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট এবং হাকিমপুর চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এই কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী ১০ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী এই কার্ডের উদ্বোধন করবেন। এটি যাতে সঠিকভাবে করা যায় সেই লক্ষ্যে কাজ করার জন্য কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। কোনো ধরনের দুর্নীতি যাতে আমাদের কাউকে স্পর্শ না করে সে ব্যাপারে সবাই সচেতন থাকবে। বর্তমান সরকার এবং প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনো দুর্নীতিতে লিপ্ত হবে না বলেও জানিয়েছেন তিনি।
