বগুড়ার চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে ফেরানোর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর, হবে বিপিএলের ম্যাচও


সঞ্জু রায়, বগুড়া
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে তুলতে দ্রুতই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়াও ক্রীড়াঙ্গনের বিকাশে ৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলার অংশ হিসেবে প্রথম ধাপে বগুড়াসহ দেশের ১০ টি স্থানে অগ্রাধিকার ভিত্তিতে আগামী জুন অর্থ বছরেই আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ে তোলার প্রক্রিয়া শুরু হবে। আজ সোমবার দুপুরে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা জানান।
আমিনুল হক বলেন, আইসিসি-র স্ট্যান্ডার্ড অনুযায়ী আন্তর্জাতিক একটি স্টেডিয়ামের যে সুযোগ-সুবিধা থাকা দরকার, সেই আদলে এটিকে পুনর্গঠন করার জন্য আমরা এখানে এসেছি। জাতীয় ক্রীড়া পরিষদ, মন্ত্রণালয় এবং ক্রিকেট বোর্ড সবাই একমত হয়েছি যে শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে তুলতে দ্রুতই কার্যক্রম শুরু করা হবে।
বগুড়ায় কোনো আলাদা জেলা স্টেডিয়াম না থাকার বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বগুড়া বাংলাদেশের একমাত্র জেলা যেখানে কোনো আলাদা জেলা স্টেডিয়াম তৈরি করা হয়নি। কেন করা হয়নি, সেই দীর্ঘ ১৭ বছরের ইতিহাসে আমরা যাব না। তবে সরকারের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে রাজশাহী বিভাগের স্পোর্টস ভিলেজটি এই বগুড়াতেই নির্মাণ করা হবে। আগামী জুন মাসের অর্থবছর থেকেই এই স্পোর্টস ভিলেজ ও ইনডোর সুযোগ-সুবিধা সম্বলিত প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সারা দেশে মাঠ সংরক্ষণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত কমিটির কার্যক্রম এবং ৪৯৫টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি নিয়েও কথা বলেন তিনি।
অতীতের প্রতিশ্রুতি নয় বরং বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত দৃশ্যমান কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।
প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে এসময় বগুড়া সদর আসনের সাংসদ রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহীদ চাঁন্দু স্টেডিয়াম একসময় আন্তর্জাতিক ভেন্যু হিসেবে পরিচিত থাকলেও দীর্ঘ ১৭ বছর ধরে এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। স্টেডিয়ামটির বর্তমান অবস্থা সশরীরে দেখতে আজ ক্রীড়া পরিদপ্তর ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের নিয়ে বগুড়ায় আসেন প্রতিমন্ত্রী।
