শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বনের গাছ কেটে চাষাবাদের চেষ্টায় মামলা, গ্রেপ্তার ১

 

নবাবগঞ্জ প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের সৃজিত গাছ কেটে জমি দখলের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামরুজ্জামান (৩৮) উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (মোহাম্মদপুর) এলাকার মৃত কুরশা মন্ডলের ছেলে।

মামলা এজাহারে জানা গেছে, গত ২০২০-২১ অর্থ বছরে ২ দশমিক ৫০ একর জমিতে আকাশমণি গাছের চারা রোপণ করা হয়। গত ১৬ অক্টোবর রাতের আঁধারে আসামিদের প্ররোচনায় সৃজিত গাছ কেটে জমি দখল নেয় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় গতকাল হরিপুর বিট কর্মকর্তা মো. শামসুল ইসলাম বাদী হয়ে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। রাতেই কামরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ বলেন, হরিপুর বিট অফিসের লাগানো গাছ কেটে জমি নিজেদের দখল নেওয়ায় একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This